‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ’

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ করা অর্থ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও মিথ্যা তথ্য প্রতিরোধে সরকারের উদ্যোগ সম্পর্কে ইয়াসের খান চৌধুরী বলেন, নতুন মাধ্যমের মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি হচ্ছে। এসব মাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মাধ্যম প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনটি সঠিক তথ্য, কোনটি অপতথ্য এবং কোনটি মিথ্যা তথ্য তা শনাক্ত করতে বিভিন্ন প্রযুক্তি ও সফ্?টওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক তথ্য সম্পর্কে অবহিত করা হবে। বাংলাদেশ বেতারকে আরও শক্তিশালী ও আধুনিক করার বিষয়ে তিনি বলেন, বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক ও দর্শকবান্ধব করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিটিভির জন্য ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে নিরীক্ষা কার্যক্রম শুরু হতে পারে। নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালায়নসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক ও আকর্ষণীয় করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’র আবেদন গ্রহণের জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী, বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।