বরিশালে ১৪ অস্ত্রসহ ‘কিশোর গ্যাংয়ের’ দুই সদস্য আটক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো

বরিশাল সদর উপজেলার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১৪টি দেশি অস্ত্র উদ্ধার এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় গত শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ জানিয়েছেন। আটকরা হলেন- নগরীর কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা দেশি অস্ত্রের মধ্যে দুটি ধারালো ছুরি, একটি হাঁসুয়া, দুটি ড্যাগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল রয়েছে।
ওসি সনজিৎ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকায় সৈকতের মাছের ঘেরে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে যান। এ ঘটনায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে পুলিশ। সৈকতকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলো কেন সেখানে রাখা হয়েছিল এবং সেগুলো কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলছেন, আটক দুজন কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
