ঢাকা দক্ষিণকে সবুজে ভরে তোলার ঘোষণা প্রশাসকের
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজধানীকে বাসযোগ্য করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় গাছ লাগানো হবে।
গতকাল সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকায় এখন আগের মতো গাছপালা নেই। বায়ুদূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে না পারলে নানা রোগব্যাধি দেখা দেবে। প্রকৃতিকে বাঁচাতে এবং কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আবদুস সালাম নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন, এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছেন, এখন তা আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে।
