এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৫ জন শিক্ষার্থী এবং পাস করে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী এবং পাস করে ২২৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ। ফলাফল ঘোষণার পর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের সুবিশাল প্রাঙ্গণে নেমে আসে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ মহোদয়কে সাথে নিয়ে এই সাফল্য উদযাপনের আনন্দে যোগ দেয় সকল শিক্ষক এবং অভিভাবকরা। স্বজন ও সন্তানদের সাফল্যের আনন্দে উদ্বেলিত অভিভাবকরা মাইলস্টোন কলেজের অ্যাকাডেমিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অধ্যক্ষ ও শিক্ষকদের সন্তানতুল্য আন্তরিক পরিচর্যার জন্য ধন্যবাদ জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
