কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় গতকাল সোমবার মধ্যরাত ৩টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
