খাল খননের পৌনে ৬ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরে নেওয়া ১২টি খাল খনন ও পুনর্খনন প্রকল্পের মধ্যে ১০টির কাজ শেষ হয়েছে। তবে জমি-সংক্রান্ত জটিলতা ও খননের প্রয়োজন না থাকায় সদর ও ফুলপুর উপজেলার দুটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে ওই দুই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া ২ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৮৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া বাস্তবায়ন হওয়া ১০টি খালের কাজ শেষে অব্যয়িত আরও ৩ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে খাল খনন কর্মসূচির ৫ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৮৩০ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহের ১০টি উপজেলায় ১২টি খাল খনন ও পুনর্খনন প্রকল্পের জন্য ১৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৩১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার খালের খনন ও পুনর্খননের কাজ সম্পন্ন হয়েছে। সূত্র জানায়, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল পুনর্খননের জন্য ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ ছিল।
