ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জমিজমার বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মাসকান্দা পাসপোর্ট অফিসের সাসনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানী। সে মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল, এসময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়।

রাব্বী দৌঁড়ে দোকানের ভিতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।