প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়েজনে গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জুমে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ‘প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ’ (এভিডেন্স-বেইস্ট ড্রাগ প্রিভেনশন) শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে মাদক ব্যবহার প্রতিরোধে আধুনিক ও বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি গ্রহণ এবং যুব সমাজকে সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ওয়েবিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ইকবাল মাসুদ বলেন, ‘চলতি বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ আমাদের মনে করিয়ে দেয় তরুণদের জীবন বাস্তবতা ভিন্ন হলেও একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা সবার এক। তবে মাদক যুবসমাজের এই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে।’ তিনি আরও যোগ করেন, প্রথাগত উপায়ে মাদক প্রতিরোধের চেয়ে বিজ্ঞান ও প্রমাণ-ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা (এভিডেন্স-বেইস্ট প্রিভেনশন) অনেক বেশি কার্যকর। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি