প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরির সাক্ষাৎ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে আজ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য হলো সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মানবজীবনের মূল্য সর্বাগ্রে এবং এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
