রংপুরে রিকশার গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর নগরীর তাজহাট বাবুপাড়া আনসারীর মোড় এলাকায় রিকশার গ্যারেজের ভেতর থেকে আব্দুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্যারেজের ভেতরে একটি আলমারি ও ড্রয়ার ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে গ্যারেজের তালা কেটে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান গ্যারেজের মালিক ছিলেন। তিনি সেখানেই থাকতেন এবং রিকশাগুলোর দেখাশোনা করতেন। সকালে গ্যারেজের বাইরে তালা দেওয়া দেখে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তালা কেটে লাশ উদ্ধার করে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্যারেজের ভেতরে থাকা আলমারি ও ড্রয়ার ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে মালামাল লুট হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
