চট্টগ্রামে বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমটি সি স্পাইক ও এমভি সানশাইনের সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে এবং জাহাজ থেকে কোনো ধরনের তেল নিঃসরণ হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার বেলা ১২টা ২৫ মিনিটের দিকে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনের সঙ্গে সংঘর্ষ হয় প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী এমটি সি স্পাইকের। প্রাথমিকভাবে তীব্র স্রোতের কারণে ট্যাংকারটির নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়নি বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হলে বিস্তারিত জানা যাবে। বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ আপডেট অনুযায়ী, এমটি সি স্পাইকের সব কটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি। ফলে জাহাজে থাকা ডিজেলও নিরাপদ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সংঘর্ষের পর ট্যাংকারটির ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করে। এতে সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পরে জরুরি ব্যাটারির সাহায্যে জাহাজটির ভিএইচএফ যোগাযোগব্যবস্থা সচল রাখা হয়।
