সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো। গতকাল শনিবার রাজধানী মিরপুর-২ এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধনে প্রশাসক একথা বলেন।

প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এরইমধ্যে ঢাকাকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন। অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। প্রশাসন জানান, শুধু সিটি কর্পোরেশন নয়; প্রতিটি পাড়া মহল্লা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

প্রশাসক বলেন, ঢাকা শহর আপনার আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কনটেইনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনার নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা আপনারাও দেখতে পাবেন না, আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে। অনুষ্ঠানে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।