ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইটির লেখক মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। এই প্রতিযোগিতায় ইউআইইউ’র ইংরেজি বিভাগ, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) বিভাগ এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু নিয়ে তাদের সমালোচনামূলক বিশ্লেষণ, নিজস্ব উপলব্ধি ও সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরেন।
