স্কুলছাত্র শাওনের লাশ উদ্ধার গ্রেপ্তার ৪
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মুফিদ আহমেদ শাওন (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাওনের চার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গত সোমবার লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, শাওন নগরের হালিশহরের চট্টগ্রাম মডার্ন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে চুনা ফ্যাক্টরি এলাকায় থাকত। তাদের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) শাওনের স্কুলে পরীক্ষা ছিল। দুই ঘণ্টার পরীক্ষার এক ঘণ্টা পরই খাতা জমা দিয়ে বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সৈকতে যায় সে। পরীক্ষা শেষে সাধারণত এক থেকে দুই ঘণ্টার মধ্যে বাসায় ফিরলেও ওই দিন বিকাল গড়িয়ে গেলেও শাওন বাড়ি ফেরেনি। বিকাল ৩টার পর থেকে তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শাওনের বাবা মাহবুবুর রহমান বলেন, একটু দেরি হলেও শাওন ফোন করে জানাত। কিন্তু সেদিন বিকাল ৩টার পর থেকে তার কোনো ফোন পাইনি। তার মা বারবার আমাকে ছেলেকে খুঁজতে বলছিলেন। ছেলের খোঁজে প্রথমে শাওনের ঘনিষ্ঠ বন্ধু ইদকানের বাসায় যান তার বাবা। সেখানে কোনো তথ্য না পেয়ে ইদকানের বাবার সহপাঠী ও হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
পরিবারের দাবি, ওই রাত সাড়ে ১০টার দিকে শাওনের কয়েকজন বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা শাওন সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য দেয়। প্রথমে তারা জানায়, সবাই একসঙ্গে পতেঙ্গা থেকে ফিরে শাওনকে বি-ব্লক ব্রিজের পাশে নামিয়ে দিয়েছে। পরে সাব্বির নামের আরেক বন্ধুও একই ধরনের কথা বলে। তবে এসব তথ্য যাচাই করেও শাওনের সন্ধান পাওয়া যায়নি।
