কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার। গতকাল বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভিতর প্রবেশ করে এবং চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে জালের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি