অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন সিআইডির জালে

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া সাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে একজন রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সিআইডি। গ্রেপ্তাররা হলেন- নড়াইলের সৈয়দ জামান এবং যশোরের চৌগাছার রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী। গত বুধবার রাজশাহী ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। সিআইডি জানায়, গত বুধবার দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকা থেকে সৈয়দ জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকা থেকে রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির ভাষ্য, নিয়মিত সাইবার নজরদারির সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব সাইটের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে জুয়া এবং অনলাইন ক্যাসিনো পরিচালনার তথ্যও পাওয়া যায়। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।