নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যা গ্রেপ্তার ১১
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও অটোরিকশা গ্যারেজ ব্যবসায়ী জাহিদ হাসান বুলবুল (৪০) এর উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্ধর্ষ সিফাত বাহিনীর সন্ত্রাসীরা।
নিহত জাহিদ হাসান বুলবুল নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২২নং ওয়ার্ডের বন্দর থানার ঠাকুরবাড়ী এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করায় স্থানীয় দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ সিফাত ও তার সহযোগীরা নিহত জাহিদ আল আমিন বুলবুরের প্রতি ক্ষুব্ধ ছিল।
এর জেরে ২০২৪ সালের ২২ জুলাই রাতে শেখ সিফাতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বন্দরের শাহী মসজিদ এলাকায় বুলবুলের গ্যারেজে হামলা চালিয়ে প্রায় ১৮ লাখ ১৭ হাজার ৪০০ টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আসামিরা বুলবুলকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দরের সালেহ নগর এলাকায় তাহের আলী প্রধানের বাড়ির সামনে পৌঁছালে শেখ সিফাতের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল তার গতিরোধ করে। ধারালো অস্ত্র, লোহার পাইপ, রামদা, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২১ আগস্ট বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
