পরিবেশ দূষণে অসহনীয় দুর্ভোগে চট্টগ্রামবাসী
বাড়ছে শ্বাসতন্ত্রের রোগ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম, ব্যুরো

বন্দরনগরী চট্টগ্রামে বায়ু ও শব্দদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানের ধূলার কারণে সৃষ্ট বায়ুদূষণে বছরের পর বছর ধরে নগরবাসীর মধ্যে ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ বাড়ছে। একদিকে বিভিন্ন ধরনের যানবাহনের হাইড্রোলিক হর্ন, আবাসিক এলাকার আশপাশে অবস্থিত ওয়েল্ডিং ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সৃষ্ট শব্দদূষণে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে নগরীর বিভিন্ন অভিজাত আবাসিক এলাকায় বিদ্যুৎ জেনারেটরের শব্দও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব কোলাহলপূর্ণ পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা বলছেন, শব্দদূষণের মাত্রা প্রায় ২০০ ডেসিবেলে পৌঁছেছে, যেখানে সহনীয় মাত্রা ৬০ ডেসিবেল।
পরিবেশবিদরা বলেছেন, হাজার হাজার ফিটনেসবিহীন যানবাহন থেকে সৃষ্ট বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ সহনীয় হার ৬৫ শতাংশ হার্টিজ স্মোক ইউনিটের বিপরীতে ১০০ শতাংশে পৌঁছেছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সূত্রমতে, ধুলাবালির দূষণও ৫০০ মাইক্রোগ্রামের বেশি হয়েছে। অথচ সাসপেন্ডেড পার্টিকুলেটস ম্যাটারের ক্ষেত্রে সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রাম বলে বিবেচিত হয়। অধিদপ্তর থেকে জানা যায়, নগরীর চকবাজার, বহদ্দারহাট মোড়, জিইসি মোড়, নিউমার্কেট, আগ্রাবাদ ও আন্দরকিল্লাসহ কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় দূষণের মাত্রা অত্যন্ত বেশি। ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং উন্মুক্ত স্থানের ধূলা একত্রিত হয়ে নগরীর বায়ুর মান ভয়াবহভাবে অবনতি ঘটাচ্ছে। নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা শিক্ষার্থী নোহা আক্তার বলেন, ‘পাশের কক্ষ থেকে আমার মা জোরে ডাকলেও আমি শুনতে পাই না। কারণ পাশের আবাসিক ফ্ল্যাট ও ওয়েল্ডিং কারখানার জেনারেটর থেকে প্রচণ্ড শব্দ হয়।’ চকবাজার এলাকার শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, আমি সাধারণত রাতে পড়াশোনা করি। কিন্তু অতিরিক্ত শব্দের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ঘুমানোও যাচ্ছে না। ভারী যানবাহনের শব্দ শুনে আমার সন্তানরা প্রায়ই ভয় পেয়ে ঘুম থেকে উঠে কান্না করে। নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আবদুস সাত্তার বলেন, দীর্ঘসময় ধরে শব্দদূষণের মধ্যে থাকলে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই পুরোপুরি শ্রবণশক্তি হারাতে পারেন। তিনি জানান, কোলাহলপূর্ণ পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের পরিবেশগত অবনতি অব্যাহত থাকলে নগরবাসীর মধ্যে শ্বাসতন্ত্রের রোগ বহুগুণ বেড়ে যেতে পারে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ও লেদ মেশিন, লোহার কারখানা এবং জেনারেটর আবাসিক এলাকা থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে স্থাপন করতে হবে। বিদ্যুৎ জেনারেটরও ভূগর্ভে স্থাপনের কথা বলা হয়েছে। অভিযোগ রয়েছে, কারখানা ও ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ের মালিক এবং আবাসিক ভবনের ডেভেলপাররা এ পরিস্থিতি নিয়ে করা অভিযোগের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের সূত্র জানায়, চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় ৩২টিরও বেশি হালকা ও ভারী যানবাহন ফিটনেস সনদ ছাড়াই চলাচল করছে। এসব যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। বিআরটিএ সূত্র জানায়, তারা প্রতি ছয় মাস পরপর এসব ফিটনেসবিহীন যানবাহনের তথ্য নগরী ও জেলার ট্রাফিক বিভাগে পাঠায়, যাতে যানবাহনগুলো পরীক্ষা করে কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করা যায়।
