জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ডি-নথি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হলো। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন (পেপারলেস) অফিস বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন। দুই দিনের এ প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়া পত্র তৈরি, ডিজিটাল নথি নম্বর ও শাখা কোডসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
