পাঁচ লাখ গাছ লাগাবে ডিএনসিসি

পরিচর্যার দায়িত্বে থাকবে ১,৫০০ শিক্ষার্থী

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এরই মধ্যে ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে। গতকাল শনিবার রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব তথ্য জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সবার সহযোগিতায়, সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকারি নির্দেশনার আলোকে দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। একটি টেকসই ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ডিএনসিসি আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। পাশাপাশি মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ প্রধান সড়কগুলোর সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।’ বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সুরক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ‘কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শিক্ষার্থী সরাসরি রোপণ করা গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত থাকবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের উৎসাহিত করতে পরবর্তীতে বৃত্তির আওতায় আনার উদ্যোগও নেওয়া হবে।’