শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে (২৫) গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তার ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।
আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। নিহত তাহসিন পেশায় ইট ও বালু ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে ব্যবহৃত ইট-বালু তিনি শমসের পাড়ার উদুপাড়া এলাকায় মজুত করতেন। ঘটনার দিন বিকাল সোয়া ৪টার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু সেখানে নেওয়া হলে তা দেখতে যান তাহসিন। এর কিছুক্ষণ পরই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তার সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে এসে তাহসিনকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা মো. মুসা বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন— সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ এবং মো. হেলাল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘২০২৪ সালের তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ডেভিড ইমনের নামে সিএমপিতে সাতটি মামলা রয়েছে এবং অন্যান্য মামলাগুলোতেও তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।’
