বরিশালে অ্যাম্বুলেন্সের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশালে রোগীবাহী ‘বেপরোয়া গতির’ অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারানোর পর প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাহনের চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার এসআই মাইনুল ইসলাম জানিয়েছেন।
অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ছেলে বগুড়ার কাউন্সিলর বেলায়েত হোসেন আবু বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।’ বেলায়েতের অভিযোগ, শুরু থেকেই অ্যাম্বুলেন্স চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করার পরেও শুনেনি। ঘটনাস্থলে এসে গতিরোধকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বেলায়েত বলেন, দুর্ঘটনায় তিনিসহ অসুস্থ মা ও বোন আহত হয়েছে। তাদের নিয়ে অন্য অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীর রুপাতলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটির চালক মুস্তাকিম বলেন, আমার গাড়ির গতি কম ছিল। গাড়িও রাস্তার পাশে ছিল। অ্যাম্বুলেন্স সেখানে এসে মেরে দিয়েছে। এতে আমি হাত পা ও বুকে আঘাত পেয়েছি। গৌরনদী মহাসড়ক থানার এসআই মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়েছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
