আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর নবদীগঞ্জে রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। গত শনিবারের মধ্যে দাবি মানা না হলে গত রোববার রংপুরের সব কোল্ড স্টোরেজে কেজিতে ৫ টাকা দিয়ে আলু নিজেরাই নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন চাষিরা। এর আগে রংপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত আলু চাষি ও ব্যবসায়ী নগরীর নবদীগঞ্জ এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে আলু চাষি নেতারা বলেন, কৃষি বিভাগ কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণ করতে ৩ টাকা ৪৩ পয়সা ব্যয় হয় বলে প্রতিবেদন দিয়েছে। অথচ কোল্ড স্টোরেজ মালিকরা ৭ টাকার নিচে আলু বের করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় আজ শনিবারের মধ্যে দাবি মানা না হলে আমরা নিজেরাই কোল্ড স্টোরেজে গিয়ে আলু বের করে আনব। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এর দায় আমরা নেব না। দুই ঘণ্টা পর চাষিরা অবরোধ তুলে নেন।