ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন সুনীল কুমার বিশ্বাস। ভুয়া চিকিৎসক হয়েও ব্যবস্থাপত্র লেখা, নিষিদ্ধ ওষুধ দেওয়া ও অবৈধভাবে অস্ত্রোপচারের অভিযোগে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্যানালপাড়া এলাকায় সুনীলের চেম্বারে অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই স্যানালপাড়া এলাকায় চেম্বার খুলে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব এবং অবৈধভাবে শল্যচিকিৎসা (অপারেশন) করতেন বলে অভিযোগ রয়েছে।