অটোরিকশায় পাওয়া গেল পলিথিনে মোড়ানো ৮টি আগ্নেয়াস্ত্র
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে দেশে তৈরি করা ৮টি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| গত শনিবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়| তবে গতকাল রোববার দুপুরে মহেশখালী থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানায় পুলিশ|
অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া|
তাদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি|
প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, সম্প্রতি পুলিশের একটি দল মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ে অভিযান চালায়| অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়| ওই ব্যক্তির দেওয়া তথ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ| এরই ধারাবাহিকতায় পুলিশ শনিবারে রাতে জানতে পারে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আগ্নেয়াস্ত্রের একটি চালান চকরিয়ার বদরখালীতে নিয়ে যাওয়া হবে| এই খবরের ভিত্তিতে ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়|
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান বলেন, অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছাতেই থামার সংকেত দেয় পুলিশ| এ সময় অটোরিকশাটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে| পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশা থেকে দুজনকে আটক করতে সমর্থ হলেও অপর দুজন পালিয়ে যান| পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অস্ত্রগুলো খুঁজে পায় পুলিশ|
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, অভিযানে আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে| মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়|
