বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড|
গতকাল রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান| তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন সবুজবাগ সংলগ্ন এলাকায় গত শনিবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়| অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩টি গোডাউন তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা মূল্যের ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট ও ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়| এসময়, অসাধু ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
