ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতৃত্বে শফিক রেহমান ও মাহমুদুর রহমান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্তরর্বতীকালীন সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ওয়াদা সম্পাদক শফিকুল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন। সভায় এনইসির প্রস্তাবিত গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ অনুমোদন করেন উপস্থিত সম্পাদকরা। শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সম্পাদকদের ঐক্য এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

সভায় এনইসির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সংগঠনটিকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমার দেশ সম্পাদক বলেন, 'ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরও বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাহমুদুর রহমান আরও বলেন, সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে। গত ১৭ বছরের সাংবাদিকতার পরিবেশ নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে। এখন সাংবাদিক সমাজের আত্মসমালোচনার সময় এসেছে। তিনি বলেন, কীভাবে সম্পাদকদের একটি অংশ চাটুকারিতার মাধ্যমে সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছিল, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।