দেশের প্রথম কঙ্কাল জাদুঘর চট্টগ্রামে
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
দেশের প্রথম কঙ্কাল জাদুঘর বা 'অ্যানাটমি মিউজিয়াম' প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। ২০১৭ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা জাদুঘরটি বিশ্ববিদ্যালয়ের ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় প্রায় ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে। জাদুঘরে প্রবেশ করলেই চোখে পড়ে বিভিন্ন প্রাণীর হাড় ও কঙ্কালের আকর্ষণীয় সংগ্রহ। সাপ, কুমির, জিরাফ, উট ও হাতিসহ নানা প্রাণীর কঙ্কাল এখানে সংরক্ষিত রয়েছে, যা দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী ও শিক্ষামূলক অভিজ্ঞতার সৃষ্টি করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা ও মানোন্নয়ন প্রকল্পের আওতায় জাদুঘরটি স্থাপন করা হয়েছে। সিভাসুর অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের শিক্ষক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জাদুঘরটির তত্ত্বাবধান করছেন। অ্যানাটমি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জাদুঘরে বিভিন্ন প্রাণীর প্রায় ৬০টি কঙ্কাল দক্ষতার সঙ্গে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে রয়েছে প্রায় ৩০টি স্ট্যাফ (প্রাণির অস্থি থেকে চামড়া আলাদা করে নতুন অবয়ব সৃষ্টির পর পুনরায় চামড়া দিয়ে মোড়ানো), রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষিত বিভিন্ন প্রাণীর প্রায় ৫০০টি অঙ্গ-প্রত্যঙ্গ, প্রায় ২ হাজার অস্থি, বিভিন্ন প্রাণীর ৭৫টি মডেল এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রায় ৩ হাজার স্লাইড রয়েছে।
