সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে তৈরি হচ্ছিল 'পেনগান'
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কলমের মতো দেখতে। পকেটে রাখলেও সন্দেহ হওয়ার কথা নয়। অথচ ভেতরে লুকিয়ে থাকে গুলি ছোড়ার ব্যবস্থা। এমন ছদ্মবেশী অস্ত্র 'পেনগান' তৈরি হচ্ছিল চট্টগ্রামের হাটহাজারীর একটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে। পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে অস্ত্র তৈরির এই গোপন কারখানার সন্ধান। উদ্ধার করা হয়েছে একটি পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি। গত সোমবার দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে। তারা হলেন- মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি ও মো. কবির।
পুলিশের তথ্য অনুযায়ী, পেনগান আকারে ছোট হওয়ায় সহজেই পকেট বা অন্য কোনো সামগ্রীর সঙ্গে লুকিয়ে বহন করা যায়। সাধারণ আগ্নেয়াস্ত্রের মতো এর আকৃতি স্পষ্ট নয়। ফলে এটি ব্যবহার করে খুব কাছ থেকে অতর্কিত হামলা চালানোর সুযোগ থাকে। এ কারণে অপরাধীদের হাতে এ ধরনের অস্ত্র থাকা জননিরাপত্তার জন্য বিশেষ উদ্বেগের বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
