ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে

বললেন ডিএসসিসি প্রশাসক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল মঙ্গলবার রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক আবদুস সালাম বলেন, অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নবায়নের প্রয়োজন হলে তা-ও করতে হবে। দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সিটি কর্পোরেশনের বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্স যাচাই- এই সমন্বিত কার্যক্রম পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।

চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত ডিএসসিসির সমন্বিত অভিযান : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে পরিচালিত এ কার্যক্রমে অবৈধ দখল উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাইসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ এবং প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়।