পূর্বাচলে যাচ্ছে গ্যাপের বাস, চলাচল বন্ধ হবে অনুপযোগী যানবাহনের

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কয়েক দিন ধরে দাঁড়িয়ে থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে বর্তমানে আংশিকভাবে ডিপোর কার্যক্রম শুরু হয়েছে। সেখানে প্রাথমিকভাবে প্রায় ১৫০টি বাস রাখা যাবে। পূর্ণাঙ্গভাবে নির্মাণ শেষ হলে ৬০০টি বাস রাখার সক্ষমতা তৈরি হবে। এদিকে ফিটনেসের কাগজ থাকলেও বাস্তবে চলাচলের অনুপযোগী বাস রাজধানীর সড়কে চলতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালি বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, রাজধানীতে দীর্ঘদিন ধরে গ্যাপের বাস রাখা ও মেরামতের জন্য পর্যাপ্ত জায়গার সংকট ছিল। এ কারণে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি সফল হয়নি। তিনি বলেন, পূর্বাচলে ১০ একর জমি নেওয়া হয়েছে। বর্তমানে এর এক-তৃতীয়াংশের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জায়গায় প্রাথমিকভাবে প্রায় ১৫০টি বাস রাখা যাবে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে সেখানে প্রায় ৬০০টি বাস রাখার ব্যবস্থা হবে। ট্রাফিক বিভাগের প্রধান বলেন, রাজধানীতে যেসব বাস ১০ থেকে ১২ ঘণ্টা কিংবা দুই, চার বা পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করে থাকত, সেগুলো পর্যায়ক্রমে পূর্বাচলের ডিপোতে চলে যাবে। সেখানে বাস মেরামত, সিট পরিবর্তন, রং করাসহ প্রয়োজনীয় অন্যান্য কাজও করা যাবে।