'প্রাথমিকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পুষ্টিকর খাবার পাবে'
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী একবেলা পুষ্টিকর খাবার চালুর পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে। বর্তমানে ১৫০টি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থীকে নিয়ে কর্মসূচিটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পাইলট প্রকল্পে সফলতা পাওয়ায় স্কুল ফিডিং কর্মসূচি বাড়ানো হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলে প্রাথমিকের শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়কালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের শুরুতে খাবারের সরবরাহ ও মান নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে এসব সমস্যা থেকে বেরিয়ে এসেছে। এখন নিয়মিত ও ভালো মানের খাবার সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, কোনো বিদ্যালয়ে নির্ধারিত মান বা পরিমাণের খাবার না পৌঁছালে তা গ্রহণ না করে ফেরত পাঠানোর বিধান করা হয়েছে। পচা বা নিম্নমানের কোনো খাবার সরবরাহ করা হলে তা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট টেন্ডার বা অর্ডার তাৎক্ষণিক বাতিল করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, নতুন নীতিমালা চালুর পর গত দুই থেকে আড়াই মাসে পাইলট প্রকল্পের সমস্যাগুলো অনেকটা কমে এসেছে। পাইকগাছাসহ বিভিন্ন উপজেলায় কর্মসূচির বাস্তবায়ন এখন প্রায় 'জিরো এরর' এর কাছাকাছি চলে এসেছে। ২০২৭ সালে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির কার্যক্রম নিয়ে পাইকগাছা উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচির বাস্তবায়ন, খাদ্য সরবরাহ, খাবারের মান নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
