আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত চীনের ৬ নাগরিক আটক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সাথে জড়িত চীনের ৬ নাগরিককে কক্সবাজারে আটক করেছে পুলিশ। অভিযানে ১৯৩৮টি আইফোন এবং অন্তত ৩০টি ল্যাপটপ এবং দেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেনে। তিনি জানান, রামু থানার অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে। অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়।
