ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং আরবরিকালচার সেন্টারের যৌথ উদ্যোগে ‘Dhaka University Green Nexus-২০২৬-শীর্ষক ৩-দিনব্যাপী কর্মসূচি গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা এবং আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ মোকাবিলায় বেশি করে দেশীয় প্রজাতির গাছ রোপণের উপর গুরুতারোপ করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব। উল্লেখ্য, পরিবেশ কর্মী হিসেবে দক্ষতা প্রদর্শনের জন্য ১০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি