নতুন আঙ্গিকে সাজবে 'জিয়া স্মৃতি কমপ্লেক্স'
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কালুরঘাটে জিয়া স্মৃতি কমপ্লেক্সকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল শনিবার দুপুরে 'পরিচ্ছন্ন করি নগর গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম' স্লোগান নিয়ে জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের মানুষের জন্য সুস্থ পরিবেশে বিনোদনের জায়গাগুলো অনেক সীমাবদ্ধতা রয়েছে। এখানে যেসব স্থাপনা আছে, ইতিহাস ভালোবাসেন ও দেশের সংস্কৃতিকে ধারণ করে এমন কেউ এখানে আসলে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাবে।
চট্টগ্রামের ঐতিহাসিক একটি স্থান কালুরঘাট, যা বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেখান থেকে এটি শহীদ জিয়া কমপ্লেক্স। তিনি বলেন, এখানকার মানুষের আবেগ ও উচ্ছ্বাস রয়েছে। এই জায়গাটিকে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়। আমরা এরইমধ্যে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। ৫ অগাস্টের পরে জিয়া স্মৃতি কমপ্লেক্স ভাংচুর করা হয়েছে এবং সেখানে অনেক স্থাপনাগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কমপ্লেক্সটি যারা তখন পরিচালনা করত তারা রেখে চলে গিয়েছে।
এই কমপ্লেক্সকে আরো কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ এখানে আসতে চায়। দেখতে চায়। তারা টেন্ডার প্রক্রিয়ায় যাবে খুব দ্রুত।
তার আগে জেলা প্রশাসন কমপ্লেক্সকে একটি পর্যায়ে নিতে চায় জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই। তাই এই জায়গাটি আজ পরিচ্ছন্ন করতে এখানে সমবেত হয়েছি। পুরো জায়গা আমরা পরিষ্কার করব।
