ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে শাহীন চৌধুরী সভাপতি এবং মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি শাহীন চৌধুরী ভারতের ত্রিপুরা এক্সপ্রেস-এর প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া (ত্রিপুরা দর্পণ)।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক সান্দন) এবং মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।
ইমক্যাব নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিনে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, সাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সাহাব উদ্দিন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আরবি এনার্জি হাব লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।
