সিলেটে সিলিং ফ্যানে ঝুলছিল মা-মেয়ের লাশ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রানী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ। চম্পা গর্ভবতী ছিলেন বলে জানিয়ে পুলিশ।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে চম্পা রানী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।
