তামাক নিয়ন্ত্রণে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তামাকজাত পণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা প্রদানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাবারের (আল্ট্রা-প্রসেসড ফুড) প্যাকেটেও কার্যকর ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা। তারা মনে করেন, অতি-প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ উপাদানের উপস্থিতি সম্পর্কে ভোক্তাদের সহজে বোঝার মতো তথ্য দেওয়া জরুরি। এ ধরনের লেবেলিং ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটসের (বিটিসিএ) উদ্যোগে বিটিসিএ সচিবালয়ের সভাকক্ষে 'লার্নিং ফ্রম টোব্যাকো কন্ট্রোল: ইন্ট্রোডিউসিং এফওপিএল অন আল্ট্রা-প্রসেসড ফুড ইন বাংলাদেশ' শীর্ষক এক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিটিসিএর কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে ভোক্তাদের সতর্ক করতে প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে কাজ করছে। প্যাকেটের গায়ে সরাসরি ও দৃশ্যমানভাবে স্বাস্থ্যঝুঁকির তথ্য প্রদানের ফলে ভোক্তার কাছে পণ্যের ক্ষতিকর দিক সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। একই ধরনের জনস্বাস্থ্যভিত্তিক তথ্য প্রদানের ব্যবস্থা অতি-প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রেও বিবেচনা করা প্রয়োজন।