চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল আহত সেই শিশুটিরও
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত রাহাত (১০) নামের শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এর আগে, একই দুর্ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত রাহাত পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মিন্টু দুই শিশুকে নিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে এলে শিশুটিকে বাঁচাতে মিন্টু দৌড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাহাতও গুরুতর আহত হয়। পরে রাহাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
