প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে চায়। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়ানো হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।'
গতকাল শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর দাবির প্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নতি করার ঘোষণা দেন মন্ত্রী।
ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জমে থাকা পানিই এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান কারণ এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা ছাড়া ডেঙ্গু মোকাবিলা কঠিন। শুধু ওষুধ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য ব্যক্তি, পরিবার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়িঘর, ছাদ, ড্রেন, নালা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসা প্রস্তুতির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাতেও গুরুত্ব দিচ্ছে। জুনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা বিনামূল্যে দেয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে এবং পরীক্ষার ব্যয়ে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাম পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বিপুলসংখ্যক শিশুকে এরইমধ্যে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। তবে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আবারও বিশেষ টিকাদান কর্মসূচি নেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলমান বিশেষ টিকাদান কর্মসূচিতে এক কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ।
তিনি বলেন, হাম প্রতিরোধে প্রায় চার কোটি টিকা সংগ্রহ করা হয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। শুধু টিকা দিলেই হবে না, শিশুদের পুষ্টি নিশ্চিত করাও জরুরি। পুষ্টিহীনতার কারণে হাম আক্রান্ত শিশুদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে। তাই টিকাদানের পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও দ্রুত চিকিৎসার ওপরও গুরুত্ব দিতে হবে।
স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় মেডিক্যাল ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মী, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
