প্রশাসনের একার পক্ষে পরিবহন খাতে শৃঙ্খলা আনা সম্ভব নয়
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিক সংগঠনগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সড়ক নিরাপদ রাখা কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন মেনে চলতে পরিবহন সংলগ্ন প্রতিটি পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ বার্তা দেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, 'একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরীর জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই কেবল নগরীর তীব্র যানজট ও জনভোগান্তি কমানো সম্ভব।' তিনি আরও বলেন, নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
