বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জলসীমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে জলসীমায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। এরই ধারাবাহিকতায় গতক বৃহস্পতিবার বঙ্গোপসাগরে টহলকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা মৎস্য ট্রলার 'এফবি নাঈম'সহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতিতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করে। রাত প্রায় সাড়ে ১০টায় বানৌজা পদ্মা সফলভাবে 'এফবি নাঈম' ও এতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
