কেকেবিএইউতে উৎসবমুখর পরিবেশে ইইই ডে-২০২৬ উদযাপন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ও ইইই ক্লাব-এর আয়োজিত ইইই ডে উদ্্যাপন অনুষ্ঠানে শিক্ষক-গবেষকবৃন্দ দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে তেল-গ্যাসের বিকল্প উৎসের সন্ধান ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান। ২০২৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ে ইইই ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সেদিনটিকে সামনে রেখে ইইই ডে উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেকেবিএউ'র উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও শিল্প-অর্থনীতির বিকাশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অপরিসীম। পরিবর্তনশীল প্রযুক্তি ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও মনোযোগ দেওয়া দরকার। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু শেখার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন করবে বলে আশা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
