বগুড়ায় খাসি বলে বিক্রি হচ্ছে ভেড়ার মাংসের কাচ্চি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুই বিরিয়ানির দোকানে খাসি বলে ছাগী ও ভেড়ার মাংসের কাচ্চি বিক্রি এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, রোববার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান যৌথভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। প্রতিষ্ঠান দুটি খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা ঘোষণা করলেও বাস্তবে ছাগী ও ভেড়ার মাংস দিয়ে খাবার তৈরি করছিল। মূল্য তালিকায়ও কেবল খাসির মাংসের কথাই উল্লেখ রাখা হয়েছিল, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। এছাড়া পরিদর্শনের সময় রান্নাঘরে অপরিশোধিত লবণের ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। এসব অপরাধের দায়ে রয়েল কাচ্চিকে পাঁচ হাজার টাকা এবং ঢাকা কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।