রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১৭৭ জন গ্রেপ্তার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা ও যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যু সংক্রান্ত তিনটি ঘটনাও রেকর্ড করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধী গ্রেফতারে পরিচালিত অভিযানে মোট ১৭৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পরোয়ানামূলে ৮৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৭৬ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় একটি বর্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাইমদ এবং ৪৪৫ লিটার ঝাঁওয়া উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো হেরোইন বা চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
