কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোস্তাক আহমেদ আবু (৫৮), তার স্ত্রী হনুফা এবং পালিত মেয়ে ইতি (১৮)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু দেশীয় অস্ত্র দিয়ে ২ জনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জমিসংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া এলাকায় ফুফু খালেদা আক্তার বেবি ও তার ভাতিজা মঞ্জুরুল আলম তিতুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা নগরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ আসামি হনুফা ও ইতিকে গ্রেপ্তার করা হয়। পরে মূল অভিযুক্ত আবু ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকা থেকে চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।