অটোরিকশার জন্য পৃথক লেন আধুনিকায়নসহ ১০ দফা দাবি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত অটোরিকশার জন্য পৃথক লেন, বুয়েটের নকশা অনুযায়ী আধুনিকায়ন, নিরাপদ বডি ও উন্নত ব্রেকিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এসএম আবু বকর বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবিকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যুক্ত। প্রায় সাড়ে তিন কোটি মানুষের যাতায়াতেও এসব যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা ঢাকায় প্রবেশ করে, দিনভর চলাচল করে এবং সন্ধ্যায় বের হয়ে যায়। এসব যানবাহনের প্রবেশ ও চলাচল পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হলে যানজট কমানো সম্ভব।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে বুয়েটের নকশা অনুযায়ী অটোরিকশার আধুনিকায়ন করে নিরাপদ বডি, উন্নত ব্রেকিং ব্যবস্থা ও ফিটনেস সনদ নিশ্চিত করা। সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে অটোরিকশার বাণিজ্যিক লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট চালুর দাবিও জানানো হয়েছে। চালকদের বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ দিয়ে বিশেষ ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রতিটি অটোরিকশা গ্যারেজে ডি-৩ শ্রেণির বৈধ বিদ্যুৎ সংযোগ ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন এবং অটোরিকশায় বৈধ বিদ্যুৎ সরবরাহ ও রাজস্ব আদায় নিশ্চিত করার দাবিও রয়েছে।
