ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও উন্নয়ন, পেশাগত স্বকীয়তা এবং অধিকার রক্ষায় তিন দফা দাবিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করেছেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারি চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞানভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করে আসছেন। জনসংখ্যা ও প্রাণিসম্পদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাণিজ আমিষ ও প্রাণি স্বাস্থ্যসেবার চাহিদাও বেড়েছে। একই সময়ে দেশে ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান ও ভেটেরিনারি গ্র্যাজুয়েটের সংখ্যাও বেড়েছে। তবে মাঠপর্যায়ে জনবল কাঠামো সেই অনুপাতে সম্প্রসারিত হয়নি এমন দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি