বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।

পরে নিহতদের নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

?গতকাল সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)। তারা দুজনই বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা। ?কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, প্রথম দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বগুড়ার রানীরহাট এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

?হাইওয়ে পুলিশ জানায়, দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।