কুমিল্লা অঞ্চলে নিহত শ্রমিক পরিবারের মধ্যে চেক বিতরণ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি

কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবার এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা অঞ্চলের ৫ জেলার ৯৯ জন শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজী আক্তার। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন আঞ্চলিক শ্রম দপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. আবুল বাশার, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শাহ্ আলম শফি, আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গোলাম সহিদ সারোয়ারসহ অন্যরা। আঞ্চলিক শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যয় নির্বাহে এ অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা ছাড়াও লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়েছেন। ৫ জেলার মোট ৯৯ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
